জিম্বাবুয়ের কাছে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে ১৮৫ রানেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।
প্রকাশ: ৩০ জুন ২০২৬ ২২:০৭
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের বৃত্ত থেকে বের হতে না পেরে মাত্র তিন দিনেই ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দল। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।
তৃতীয় দিনের শুরুটা ছিল চরম হতাশাজনক। গতকাল দিনের শেষ ভাগে ১ উইকেটে ৪০ রান তোলা বাংলাদেশ আজ দিনের দ্বিতীয় ওভারেই হারায় মাহমুদুল হাসান জয়কে। ব্যক্তিগত ২২ রানে জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অভিজ্ঞ মুমিনুল হক। তবে ব্লেসিং মুজারাবানির করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (১৩)। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখাতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমও।
দলের হয়ে দায়িত্ব নিতে পারেননি তরুণ ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাওহীদ হৃদয় ও অমিত হাসানরা। টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার—কোনো পর্যায়েই কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় কার্যত লড়াইহীন ভাবেই পরাজয় বরণ করে টাইগাররা।
ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভাদের দাপুটে বোলিংয়ের সামনে মধ্যাহ্নভোজের পরের সেশনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। এই হারের ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।
