সিলেটসহ দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুলাই একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই বিশেষ দিনে প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে অন্তত পাঁচটি করে চারা গাছ রোপণ করতে হবে। প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (সাধারণ প্রশাসন) সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৪' বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ও নির্ধারিত সময়ে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই নির্দেশনা বাস্তবায়নে দেশের প্রতিটি বিভাগীয় উপ-পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টিকে 'অত্যন্ত জরুরি' হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের তদারকি বাড়াতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
