https://www.emjanews.com/

17371

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৬ ২০:৩১

সিলেট

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে হবিগঞ্জে বৃক্ষমেলা শুরু

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ২০:৩১

ছবি: ইমজা নিউজ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হবিগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন হবিগঞ্জ ও সিলেট বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের নিমতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, সবুজায়ন কর্মসূচিকে জনআন্দোলনে পরিণত করতে হবে। শুধু গাছ লাগালেই চলবে না, প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ ও সুন্দর হবিগঞ্জ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জননিরাপত্তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশ জনগণের পাশে রয়েছে।

মেলায় ১৫টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য গাছের রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করছেন বন বিভাগের কর্মকর্তারা।

সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা আগামী কয়েকদিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন জেলার মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সবুজ হবিগঞ্জ গড়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।