ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
সিলেট অঞ্চলের পাশাপাশি খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতেও ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় বৃষ্টির সময় ঝোড়ো বাতাসের কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষ ও নৌযান মালিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানি পরিস্থিতির ওপরও নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
