ছবি: সংগৃহীত
উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের নিকটবর্তী এলাকায় একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা বঙ্গোপসাগরে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে শনিবার সন্ধ্যার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ধাপে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে বাংলাদেশের প্রস্তাবিত তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’।
আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল ‘জিএফএস’ সিস্টেম এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জোরালো আশঙ্কা প্রকাশ করলেও, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আপাতত শুধু নিম্নচাপ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত ‘হলুদ সতর্কতা’ জারি রাখা হয়েছে।
এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা ও ছত্তিশগড় অঞ্চলেও বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
