ছবি: এসএমপি।
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলীকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে ছড়ারপাড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে সোবহানীঘাট এলাকায় সিএনজি অটোরিকশা যোগে যাতায়াতকালে এক ব্যবসায়ীর পথরোধ করে অস্ত্রের মুখে ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলার তদন্তে জিহাদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জিহাদ ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামের তাহির আলীর ছেলে এবং বর্তমানে নগরীর ছড়ারপাড় এলাকায় বসবাস করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত জিহাদ আহমদ একজন চিহ্নিত পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতির ৮টি মামলা এবং অস্ত্র আইনে ১টিসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
