সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে এক দোকানিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে।
র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে রবিবার (২ আগস্ট) বিকেলে নগরের শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেইট সংলগ্ন ‘বালাজি স্টোর’ নামের একটি মুদির দোকানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোকান থেকে সর্বমোট ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা। এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দোকান মালিক খাদিমনগর এলাকার দেবনাথপাড়া গ্রামের মৃত দুলাল দেবনাথের ছেলে বকুল দেবনাথ (৬৯)-কে নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া পণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ, সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা কিংবা ভোক্তাকে কম ওজন দেওয়া আইনত শাস্তিযোগ্য। এসব অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এ ধরনের অপরাধ দমনে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
