সিলেটে স্কুল ব্যাগে করে গাঁজা বহনের সময় চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন হযরত শাহজালাল মাজার গেইট এলাকায় অবস্থানকালে জানতে পারে, আম্বরখানা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ জামির হোসেন (১৯), একই উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবুল হাশেম (৬৬), ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ছাবরতলা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে উসমান (৬০) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের মোঃ ছেনু মিয়ার ছেলে জুবাইদ আহমদ (১৬)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা দুইটি স্কুল ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
