ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের গুঙ্গিয়ার জুড়ি হাওরে অনুমতি ছাড়া ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, অভিযানে অনুমতি ব্যতিরেকে বিল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় পানিউমদা এলাকার নূর ইসলামের পুত্র শেখর ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও জলাশয়েরও ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
