সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য বেশি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরা।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। মোট ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯১ জন ছাত্রী, আর ছাত্রের সংখ্যা ১ হাজার ৭৪৫ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৪৩৮ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৬৪১ জন। মোট পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন, যা মোট পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮০ দশমিক ৩২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ১৬ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে সুনামগঞ্জে পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৬২ দশমিক ৮০ শতাংশ, মৌলভীবাজারে ৫৫ দশমিক ৯২ শতাংশ এবং হবিগঞ্জে ৫৫ দশমিক ৪০ শতাংশ।
এদিকে বোর্ডে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯টি। কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাসের ঘটনা ঘটেনি। পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৯ জন পরীক্ষার্থী।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল শিক্ষাক্ষেত্রে মেয়েদের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
