মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সিলেট বোর্ডে সার্বিক পাসের হার ৫৮.৩৩% এবং মোট ৩,৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলের হিসেবে ২০০৮ সালের পর এটাই সর্বনিম্ন পাশের হার।
এ বছর সিলেট বোর্ডের অধীন পরীক্ষা অংশ নিয়েছিল মোট ৮৯,০৭৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৫,৪৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৩,৬৪১ জন। চূড়ান্ত মূল্যায়নে মোট ৫১,৯৫৭ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে; যেখানে ছাত্রীদের পাসের হার ৫৯.৭৮% (৩২,০৬৮ জন), সেখানে ছাত্রদের পাসের হার ৫৬.১২% (১৯,৮৮৯ জন)। অর্জিত জিপিএ-৫ এর সংখ্যাতেও মেয়েরা এগিয়ে রয়েছে, যেখানে ২,০৯১ জন ছাত্রী এবং ১,৭৪৫ জন ছাত্র সর্বোচ্চ এই গ্রেড পেয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলের চিত্রে দেখা যায়, সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০.৩২%; এ বিভাগ থেকে ২০,১৫৯ জন পাস করার পাশাপাশি সর্বোচ্চ ৩,৬০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪.০৩%, যেখানে ৩,৯৮৩ জন পাস এবং ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার ৪৮.১৬%; এই বিভাগ থেকে ২৭,৮১৫ জন পরীক্ষার্থী পাস করলেও জিপিএ-৫ পেয়েছে মাত্র ১২০ জন।
জেলাভিত্তিক ফলাফলের তথ্যানুযায়ী, সর্বোচ্চ ৬২.৮৮% পাসের হার নিয়ে বোর্ডে প্রথম স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা, যেখানে জিপিএ-৫ এসেছে ৪১৩টি। ৬২.০৮% পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিলেট জেলায় সর্বোচ্চ ২,০৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় পাসের হার ৫৫.৯২% (জিপিএ-৫: ৭২৫) এবং হবিগঞ্জ জেলায় পাসের হার ৫৫.৪০% (জিপিএ-৫নেই৭৫)।
শিক্ষা বোর্ড সূত্রের তথ্যমতে, বোর্ডের অধীনে শতভাগ (১০০%) কৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ টি। তবে স্বস্তির বিষয় হলো, বোর্ডে শূন্য শতাংশ (০%) পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা একটিও নেই। এছাড়া এ বছর পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।
