https://www.emjanews.com/

17723

sylhet

প্রকাশিত

১১ আগস্ট ২০২৬ ১৫:১৯

সিলেট

এসএসসিতে ৪.১১ পেলেও জানা হলো না রেজার: ফলের আগের দিন মৃ/ত্যু

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ১৫:১৯

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার এক শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেও নিজের সেই কাঙ্ক্ষিত ফল আর জানা হলো না কাজী রেজা (১৬)-এর।

জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে কাজী রেজা এ বছর উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফল প্রকাশের এক দিন আগে রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তার মৃত্যু হয়। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, রেজা ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অর্জনের খবরটি আর জানা হয়নি তার।

ফলাফল প্রকাশের পর প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে তার পরিবারের। আনন্দের মুহূর্তটি পরিণত হয়েছে গভীর শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন বাবা-মা ও স্বজনরা।

বিদ্যালয়ের পরিচালক এম শামসুদ্দিন বলেন, “কাজী রেজা খুবই মেধাবী ও ভদ্র ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পুরো বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।”