সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতরা রয়েছেন।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০৩টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিরাপদ সিলেট গড়তে এসএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
