সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩২ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি নতুন করে আরও পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ জন সিলেট জেলার, ৫৩ জন সুনামগঞ্জের, ১৩ জন মৌলভীবাজারের এবং ১৬ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৩০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও বিভিন্ন হাসপাতালে এখন ১৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
