ছবি: চেয়ারম্যান মানিক সরকার।
হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে মানিক সরকারকে আদালতে পাঠানো হয়েছে।
