ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা বিকল করে দেওয়া হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জের দলইরগাঁও গ্রামের হাবিবুর রহমান এবং কালাইরাগ গ্রামের রাসেল আহমদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, আটক রাসেলের বয়স যাচাইয়ের প্রয়োজনীয়তা থাকায় তার সাজা আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষায় ও সরকারি নির্দেশ বাস্তবায়নে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, সরকারি আদেশ অমান্য করে যারা বারকী নৌকা ব্যবহার করছেন কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
