ছবি: সংগৃহীত
সিলেট নগরীর শাহপরান থানাধীন মুরাদপুর এলাকায় এক নারীকে উত্ত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার দায়ে রাজু (২৮) নামে এক যুবককে ৫০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রাজু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার পাশাপাশি আপত্তিকর অঙ্গভঙ্গি করছিলেন রাজু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এই কারাদণ্ডাদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নারীর প্রতি যেকোনো প্রকার হয়রানি ও অশালীন আচরণ প্রতিরোধে সিলেট জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
