নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের
ই-মিউটেশনে আসছে নতুন ব্যবস্থা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৪
ছবি: সংগৃহীত
নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করে তা রেকর্ডে হালনাগাদের ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, জমির সঠিক মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। এতে নামজারির সময় জমির প্রকৃত শ্রেণি যাচাই এবং পরিবর্তিত শ্রেণি রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হলো জমির রেকর্ডীয় শ্রেণি নিয়মিত হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক কারণে কিংবা মানুষের বিভিন্ন প্রয়োজনে জমির শ্রেণি পরিবর্তিত হলেও অনেক ক্ষেত্রে সেই পরিবর্তন সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় না।
ফলে ভূমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কার্যক্রমের সময় জমির প্রকৃত ও যথাযথ মূল্য নির্ধারণে জটিলতা দেখা দেয়। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে মনে করছে ভূমি মন্ত্রণালয়।
বর্তমানে নিয়মিতভাবে জমির শ্রেণি পরিবর্তন এবং রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। পাশাপাশি বিদ্যমান ই-মিউটেশন সফটওয়্যারেও নামজারির সময় জমির রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কোনো সুবিধা নেই।
এ অবস্থায় মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি জমি নামজারির আবেদন করলে তা অনুমোদনের সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করতে হবে। যাচাইয়ের পর প্রকৃত শ্রেণি অনুযায়ী সেটিকে রেকর্ডীয় শ্রেণি হিসেবে নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা চালু করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের মতে, ই-মিউটেশন সিস্টেমে এ সুবিধা যুক্ত হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণি সরকারি রেকর্ডে সঠিকভাবে প্রতিফলিত হবে। এতে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও কার্যকর হবে। পাশাপাশি জমির যথাযথ মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে।
মন্ত্রণালয় আরও আশা করছে, জমির প্রকৃত শ্রেণি রেকর্ডে প্রতিফলিত হওয়ার ফলে সরকারি রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
নির্দেশনাটি বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
