https://www.emjanews.com/

18430

national

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯

জাতীয়

কুড়িগ্রামে সার না পেয়ে গুদাম ভাঙচুর, লুট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে সারের জন্য অপেক্ষমাণ কৃষকদের দীর্ঘ লাইনে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বন্দবের ইউনিয়নের মহিলা কলেজ মোড় সংলগ্ন মিতা হাসান ট্রেডার্সের গুদামের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় একপর্যায়ে উত্তেজিত কৃষকরা গুদামের সাটার ও টিনের বেড়া ভেঙে প্রায় ১৫০ বস্তা ইউরিয়া সার নিয়ে যান। তবে সার লুটের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, সোমবার মধ্যরাত থেকেই মিতা হাসান ট্রেডার্সের সামনে সারের জন্য শত শত কৃষক জড়ো হতে থাকেন। সকাল ৯টার দিকে ডিলার মতিউর রহমান পুলিশি পাহারায় সার বিতরণের আশ্বাস দিলেও বেলা ১১টা পর্যন্ত বিতরণ শুরু হয়নি। এতে অপেক্ষমাণ কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ডিলার মতিউর রহমানের দাবি, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই কৃষকরা গুদাম থেকে প্রায় দেড় শতাধিক বস্তা সার নিয়ে গেছেন। তবে ঠিক কত বস্তা সার নেওয়া হয়েছে, তা হিসাব শেষে নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির সার লুটের খবরকে ‘গুজব’ বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, প্রকৃত কৃষকদের পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ও ভ্যানচালক চড়া দামে সার বিক্রির উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান জানান, প্রশাসনের কঠোর নজরদারিতে সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল থেকে খোলাবাজারে সার বিক্রির মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হবে।