রাজধানীর বাউনিয়াবাদ খাল ঘিরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩
ছবি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে পল্লবীর বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।
তিনি বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে খালের আশপাশের পরিবেশও আরও সুন্দর ও বসবাসযোগ্য হবে।
খাল পরিষ্কারের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে খালটি পুরোপুরি পরিষ্কারের পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে এলাকাটিতে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের কাজ চলছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পল্লবী ও রূপনগর থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।