ছবি: সংগৃহীত
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের নেপথ্যে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কথা উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতিও ছিল।
গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মঙ্গলবার ওই কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তই কার্যকর হয়েছে। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নেওয়া সেই সিদ্ধান্তে বিসিবিও সায় দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত কমিটির প্রধান ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলি উল্যা। কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সে সময় ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়। সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হয়েছিল, সংশ্লিষ্টদের ভূমিকা কী ছিল এবং এর পেছনে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না-এসব বিষয় খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়।
