https://www.emjanews.com/

18708

national

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১১

জাতীয়

হবু বউয়ের সঙ্গে দেখা হলো না, বাসচাপায় চিরতরে শুভঙ্করের ‘ফাঁকি’

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১১

ছবি: সংগৃহীত

হাতে ছিল না ফুল, ছিল না বিয়ের আনুষ্ঠানিকতার কোনো আয়োজন-ছিল শুধু হবু বউকে একবার দেখার অপেক্ষা। সেই অপেক্ষা আর পূরণ হলো না শুভঙ্কর মণ্ডলের (৩০)। প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে শ্যামনগরে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। আর হবু স্বামীর মৃত্যুসংবাদ শুনে নিপা মণ্ডলও জ্ঞান হারিয়ে হাসপাতালে ছুটলেন স্বজনদের সঙ্গে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনারমোড় এলাকায় শ্যামনগর-বংশীপুর সংযোগ সড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন হরিপদ মণ্ডল জানান, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের নিপা মণ্ডলের সঙ্গে সম্প্রতি শুভঙ্করের বিয়ে ঠিক হয়। তবে পরিবারের এক সদস্যের আকস্মিক মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায়। এর মধ্যে নিপার সঙ্গে দেখা করতে শ্যামনগরে এসেছিলেন শুভঙ্কর। পথে বাসচাপায় তার মৃত্যু হয়। শুভঙ্করের মৃত্যুর খবর শুনে নিপা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শুভঙ্করের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।  এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।