https://www.emjanews.com/

18731

sylhet

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১

আপডেট

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬

সিলেট

ফের বঞ্চিত সিলেট: বিশাল বরাদ্দে অন্য সিটির তুলনায় জোটেনি অর্ধেক টাকাও

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। তবে এ বরাদ্দে সবচেয়ে কম অর্থ পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে গত ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের হিসাবে দেখা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা। গাজীপুর সিটি কর্পোরেশন পেয়েছে ২ কোটি ২৮ লাখ টাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পেয়েছে ২ কোটি টাকা।

এছাড়া বগুড়া সিটি কর্পোরেশন ১ কোটি ৭৫ লাখ, রাজশাহী সিটি কর্পোরেশন ১ কোটি ২ লাখ, নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ এবং রংপুর ৫২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

সবচেয়ে কম বরাদ্দ পাওয়া সিলেট সিটি কর্পোরেশনের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩২ লাখ টাকা, যা অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

আদেশে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থ বিভাজনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।

এছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।