https://www.emjanews.com/

18758

sylhet

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় এক থানায় তিন লা/শ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার আওতায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত পৃথক তিন ঘটনায় এসব মৃত্যু ঘটে।

সর্বশেষ বুধবার সন্ধ্যা ৫টার দিকে নগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত দীপাঞ্জন ঘোষ, তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় একপর্যায়ে তিনি পুলের গভীর অংশে চলে গিয়ে পানিতে ডুবে যান। পরে কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়েছে।

এর আগে একই দিন সকাল ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারিছ আলী (৭৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় হারিছ আলী পেছনের সিটে বসা ছিলেন। ধাক্কার সময় তিনি সামনে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে একই থানার পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে কবরস্থানের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।