ছবি: ইমজা নিউজ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক সুমন ঘটনাস্থলে এ সংক্রান্ত নোটিশ জারি করেন।
ঘটনাটি বিশ্বনাথ পৌরসভার মীরেরচর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী হাফিজ বশির আহমদের পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে।
আদালতের নির্দেশে নালিশি জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে এবং মামলা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দখল সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বিবাদী পক্ষকেও কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর হাফিজ বশির আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ২য় আদালত এ আদেশ দেন। পরে আদালতের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এছাড়া পুলিশ কমিশনার, এসএমপি এবং সিলেটের পুলিশ সুপারের কাছেও আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার এসআই সামসুল হক সুমন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
