সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল এয়ারপোর্ট বাইপাস এলাকার খাদিমনগর ইউনিয়নের কেওয়াছড়া চা-বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে এসআরবি-৯।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরি মূলে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
