সিলেটের কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা এলাকার মৃত উসমান আলীর ছেলে মো. জিয়া উদ্দিন (২২)।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুথবাড়ী বাজার এলাকা থেকে একটি অটোরিকশাযোগে মাদক বহনের খবর পেয়ে ভোলাগঞ্জ টোলপ্লাজার কাছে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশা থামানোর সংকেত দিলে একজন যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাছে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
