ছবি: সংগৃহীত
অনুমতি ছাড়া কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতি ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আনীত অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। প্রজ্ঞাপন অনুযায়ী, এসপি আসাদুজ্জামান গত বছরের ১৭ সেপ্টেম্বর সারদা পুলিশ একাডেমি থেকে ছুটি নিয়ে আর ফেরেননি।
একইভাবে অতিরিক্ত ডিআইজি জায়েদুল আলম চিকিৎসার কথা বলে থাইল্যান্ড গিয়ে নির্ধারিত সময়ে না ফেরায় বিভাগীয় মামলার মুখোমুখি হন।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে পলাশ রঞ্জন দে গত বছরের ১২ আগস্ট থেকে এবং রাজীব দাস ২ নভেম্বর থেকে নিখোঁজ বা অনুপস্থিত রয়েছেন।
অন্যদিকে মোহাম্মদ ছানোয়ার হোসেন ও আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে ২০২৫ সালের শুরু থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযুক্তরা কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন এবং কেউ কেউ নোটিশের কোনো উত্তরই দেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পলায়নের তারিখ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের এই আদেশ কার্যকর বলে গণ্য হবে। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড বজায় রাখতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
