https://www.emjanews.com/

18978

national

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭

জাতীয়

সরকারি কমিটি পুনর্গঠনে নতুন নিয়ম, সিলেটেও বদল আসছে

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন কমিটি পুনর্গঠন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতাধীন বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় গত ১৮ আগস্ট এ-সংক্রান্ত চিঠি জারি করে। চিঠিতে সরকারি কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে থাকা বিভিন্ন কমিটি দীর্ঘদিন আগে গঠিত হওয়া এবং কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমের তথ্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে সেগুলো পুনর্গঠন ও হালনাগাদের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আওতায় সিলেটের জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কমিটিও পড়ছে। এর মধ্যে কৃষি, খাদ্য, যুব উন্নয়ন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই, ওএমএস ডিলার নিয়োগ, ক্রীড়াবিদদের ভাতা এবং জাতীয় যুব পুরস্কারসহ ডিসির সভাপতিত্বে পরিচালিত বিভিন্ন কমিটি রয়েছে।

৯৮টি অগ্রাধিকারভুক্ত কমিটির তালিকায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, জেলা কৃষি উন্নয়নবিষয়ক কোর কমিটি, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, ধান সংগ্রহ ও মনিটরিং কমিটি এবং ফলদ বৃক্ষরোপণ ও ফল প্রদর্শনী-সংক্রান্ত কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিও রয়েছে।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি, ওএমএস ডিলার নিয়োগ-সংক্রান্ত জেলা কমিটি, জেলা যুব উন্নয়ন কমিটি, যুব সংগঠনকে অনুদানের আবেদন যাচাই-বাছাই কমিটি, ক্রীড়াবিদদের ভাতা প্রদান-সংক্রান্ত কমিটি এবং জাতীয় যুব পুরস্কার-সংক্রান্ত জেলা কমিটিও পুনর্গঠনের তালিকায় রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে সরাসরি কোনো রাজনৈতিক দলের সমর্থকদের কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়নি। বরং বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদ করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন কমিটি পুনর্গঠন না হওয়ায় আগের সময়ের সদস্যদের অনেকেই এখনো বিভিন্ন কমিটিতে রয়েছেন। আবার কিছু কমিটি দীর্ঘদিন বৈঠক না করায় কার্যক্রমও স্থবির হয়ে আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের ভাষ্য।

নতুন কাঠামোয় স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য করার নির্দেশনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের মধ্যে অন্তত একজন নারী হওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাঁদের মনোনয়ন দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।

চিঠিতে অগ্রাধিকারভুক্ত ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান কমিটিও হালনাগাদ করতে বলা হয়েছে। পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সিলেটে এসব কমিটি পুনর্গঠনের পর কারা নতুন সদস্য হিসেবে যুক্ত হন এবং স্থানীয় অংশীজনের প্রতিনিধিত্ব কীভাবে নিশ্চিত করা হয়—এখন সেদিকেই নজর থাকবে।