সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভি (২৫)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে তালহা আহমেদ অভি (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তালহা চাঁদা দাবি করে আসছিল। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটক করে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বিকালে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেওয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তালহা আহমেদ অভিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র- কালবেলা
