https://www.emjanews.com/

18973

surplus

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮

আপডেট

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯

অন্যান্য

পুত্রজায়ায় ৫৩ বিদেশি আ/ট/ক, ৬ বাংলাদেশি চালকসহ গ্রে/ফ/তার ৭

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৮

মালয়েশিয়ার কাজাং ও পুত্রজায়া এলাকায় বৈধ কাগজপত্রহীন বিদেশিদের পরিবহন সুবিধা দেওয়া একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বিশেষ অভিযানে সাতটি ভ্যান আটক করার পাশাপাশি ৫৩ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় ছয় বিদেশি চালক ও এক মালয়েশীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, মঙ্গলবার কামপুং দাতো আবু বকর বাগিন্দা, কাজাং ও পুত্রজায়ার আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে পুত্রজায়া অভিবাসন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ ও বিশেষ কৌশলগত দল (পাসটাক)-এর ৩৫ কর্মকর্তা অংশ নেন।

অভিযানকালে বিদেশি যাত্রী বহনকারী সাতটি ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, এর মধ্যে ছয়টি ভ্যান চালাচ্ছিলেন পাঁচ বাংলাদেশি ও এক ইন্দোনেশীয় নাগরিক। তাদের কারও কাছেই বৈধ ভ্রমণ নথি বা অনুমোদিত পাস ছিল না।

অভিবাসন বিভাগ জানায়, আটক বিদেশি চালকদের কারও বৈধ কম্পিটেন্ট ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের মধ্যে কেউ কেউ শুধু প্রবেশনারি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছিলেন।

অভিযানে একটি ভ্যানের চালক ও মালিক হিসেবে এক মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজন বিদেশি চালক দাবি করেছেন, স্থানীয় নাগরিক বলে সন্দেহ করা ভ্যানের মালিকদের কাছ থেকে তারা মাসে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ রিঙ্গিত পারিশ্রমিক পেতেন।

ভ্যানগুলোর যাত্রীদের তল্লাশি করে ৫৩ বিদেশিকে আটক করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক—১২ পুরুষ ও ৩২ নারী। এ ছাড়া আট বাংলাদেশি পুরুষ এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, আটক বিদেশিরা কামপুং দাতো আবু বকর বাগিন্দা, কাজাং ও পুত্রজায়ার আশপাশে কর্মস্থলে যাতায়াতের জন্য এসব ভ্যান ব্যবহার করতেন। যাতায়াতের জন্য তাদের কাছ থেকে মাসে প্রায় ১০০ রিঙ্গিত করে নেওয়া হতো বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগ আরও জানায়, আইন লঙ্ঘনের কাজে ব্যবহারের সন্দেহে সাতটি ভ্যানই জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য যানবাহনের মালিকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার ছয় বিদেশি চালক ও এক মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫ই ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আটক ৫৩ বিদেশিকে একই আইনের ৫১(৫)(বি) ধারায় পরবর্তী তদন্তের জন্য পুত্রজায়া অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

ঘটনাটি মালয়েশিয়ার পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭ (এটিআইপিএসওএম)-এর আওতাতেও তদন্ত করা হচ্ছে।