হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের বাস চলাচল
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১২:২৭
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জের কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।
বন্ধ রয়েছে হবিগঞ্জ - ঢাকা, হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। এতে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে দেওয়া, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। গত (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাঁধা দেয় মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যেন নির্বিঘ্নে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচল করতে পারে, সে বিষয়ে সুস্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
