ইয়াফিন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নেশার টাকার জন্য কথা-কাটাকাটির জেরে বাবাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ইয়াফিন (১৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সাহাব উদ্দিনের (৬০) বাড়ি উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ওই গ্রামেই এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন নিয়মিত নেশা করতেন। নেশার টাকা নিয়ে প্রায়ই বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবারও নেশাগ্রস্ত অবস্থায় ইয়াফিন বাবার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।
পরে স্থানীয়রা সাহাব উদ্দিনকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্যই সে তার বাবাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
