সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের মালামালও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানের মালামাল সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
