সিলেটে জিশিসের কার্যক্রম শুরু, শিশু-কিশোরদের নিরাপত্তায় গুরুত্ব
নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ বিএনপি সরকারের লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ২০:২৯
ছবি: সংগৃহীত
সিলেটে জিয়া শিশু-কিশোর সংগঠনের (জিশিস) জেলা ও মহানগর শাখার আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে নবগঠিত কমিটির নেতারা এ কার্যক্রম শুরু করেন।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলাই বিএনপি সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে উন্নত, স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।
জিশিসের সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুমায়ূন কবির শাহীন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের নেতাকর্মীদের ঘরে ঘরে দেশপ্রেম ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও তাঁদের পালন করতে হবে।
হুমায়ূন কবির শাহীন বলেন, সিলেট জেলা ও মহানগরের প্রতিটি স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশের সুযোগ তৈরি করতে পারলে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম শাহজাহান, জিশিসের সিলেট মহানগর শাখার আহ্বায়ক শেখ কবির আহমদ, জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাক আলী, সদস্যসচিব আজিজুল হক, মহানগর শাখার সদস্যসচিব আপ্তাব আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ সেলিম আহমদ এবং যুগ্ম আহ্বায়ক আবু খালেদ রাজাসহ সংগঠনের নেতারা।
মাজার জিয়ারত ও সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
