স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ২০:৪৬
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। একই সময়সীমার মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিরাই আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ অক্টোবর) এ-সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া গুরুত্বপূর্ণ। তাই ভোটার এলাকা পরিবর্তন ও ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি সম্ভাব্য প্রার্থীদের জন্যও তাৎপর্যপূর্ণ।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬। ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণ করেছেন- এমন ব্যক্তিদের মধ্যে যাঁরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইসির ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানোর কাজ শেষ করতে হবে। ৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ খসড়া ভোটার তালিকা। তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্যের ভুলত্রুটি সংশোধন কিংবা অন্য কোনো বিষয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় ২০ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। পাশাপাশি তালিকার ভুলত্রুটি সংশোধনের জন্য জনগণকে আবেদন করতে উৎসাহিত করার কথা বলা হয়েছে।
এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে প্রচার চালানোর ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ও নারী ভোটারের তালিকায় নামের অদলবদল, ধর্মসংক্রান্ত ভুল কিংবা অন্য কোনো অসংগতি থাকলে তা যাচাই করে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অন্য একটি নির্দেশনায় ইসি জানিয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। এ সময়ের মধ্যে পাওয়া আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
