ছবি: সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পঞ্চম দফায় গণনার সময় ১৮ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এসব মুদ্রার মধ্যে ভারতীয় রুপি, ব্রিটিশ পাউন্ড, মার্কিন ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের দিরহামসহ বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে প্রকাশিত হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।
হিসাব অনুযায়ী, এবার দানবাক্সে ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ বাহরাইনি দিনার, ৩৯ সৌদি রিয়াল, ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি রিয়ালসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি মুদ্রা, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে।
এ ছাড়া দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণ ও রুপাও পাওয়া যায়। সর্বশেষ দফায় পাওয়া স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপা ৩ ভরি ১৩ আনা।
মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যাওয়াকে দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের দানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংগৃহীত অর্থ ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
