জালালপুরে লন্ডনের কাউন্সিল স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে নাগরিক সংবর্ধনা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৯:২৬
ছবি: সংগৃহীত
দক্ষিণ সুরমার জালালপুরে যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে সাফল্য অর্জনকারী গুণীজনদের সম্মাননা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহ জোগায়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জালালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রত্যেক গুণীজনকে সম্মানিত করা সবার নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় এবং সমাজের জন্য আরও বেশি কাজ করতে উৎসাহ পায়।
ব্যারিস্টার মুস্তাক আহমদকে সিলেট তথা বাংলাদেশের গর্ব উল্লেখ করে অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী বলেন, তিনি শুধু জালালপুরের নন, পুরো সিলেট ও বাংলাদেশের অহংকার। যুক্তরাজ্যের মতো দেশে একটি প্রভাবশালী কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সমাজ ও দেশের জন্য কাজ করার তাঁর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নুর বলেন, জালালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। যুগে যুগে এ অঞ্চলে বহু গুণীজনের জন্ম হয়েছে। ব্যারিস্টার মুস্তাক আহমদ আগামী প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ।
তিনি বলেন, এমন একজন গুণী মানুষকে সংবর্ধনা দিয়ে এলাকাবাসী উদারতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি জালালপুর এলাকার শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে একটি তহবিল গঠনের আহ্বান জানান তিনি।
উদযাপন কমিটির আহ্বায়ক নেসারুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার জলিল, রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী মাসুম, অধ্যাপক ডা. কাওছার আহমদ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, এম এ শহীদ পংকি, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, ব্যারিস্টার আবু সাদাত মোহাম্মদ সোহেল, চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, শহিদুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মোজাম্মিল আলী, সিনিয়র শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দেশ টেলিভিশনের ব্যুরোপ্রধান খালেদ আহমদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফাহাদ বিন আব্দুল আজিজ।
