ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। ঝটিকা মিছিলে যোগ দিতে এসে স্থানীয় ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছেন তারা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কায় সতর্ক অবস্থান নেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।
খবর পেয়ে উপপরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
