অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়েতে পরিবারের অসম্মতি থেকে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল সংঘর্ষে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়িঘরও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তাঁর পরিবার। তবে কিশোরীর পরিবার ওই প্রস্তাবে সম্মতি দেয়নি।
কিশোরীর পরিবারের দাবি, এ নিয়ে বিরোধের জেরে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। এদিকে কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে রাকিব ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাতের অন্ধকারে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
