সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২৪
ছবি: সংগৃহীত
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় আরও নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ্য, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক। আহতরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়।
গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন । এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।
