https://www.emjanews.com/

20241

sylhet

প্রকাশিত

০২ নভেম্বর ২০২৬ ১৮:২৮

সিলেট

সিলেটে নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, মায়ের মৃত্যু

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৮:২৮

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক প্রসূতি। নবজাতক কন্যাসন্তানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবারের চার সদস্যসহ অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে নবজাতকও রয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রাজু মিয়ার স্ত্রী।

আহতরা হলেন অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমান, নিহতের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শ্বশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন হালিমা বেগম। জন্মের পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরে একটি অ্যাম্বুলেন্সে নবজাতকসহ পরিবারের সদস্যরা সিলেটের উদ্দেশে রওনা হন।

রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সটি সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় পৌঁছালে সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া-ট-১১-৩০৪৬ নম্বরের একটি বালুবাহী ড্রাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা হালিমা বেগমসহ অন্যরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত নবজাতকসহ অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ড্রাম্প ট্রাক ও অ্যাম্বুলেন্স শেরপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।