মালাক্কায় রেস্তোরাঁ ও নির্মাণশ্রমিকদের আবাসস্থলে অভিযান, আটক ৩১ বিদেশি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ২১:৫৬
মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালিয়ে ৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাজ্যের রাজধানী মালাক্কা সিটির দুটি এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের মোট ৮৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মালাক্কা রাজ্য কার্যালয় এ অভিযান পরিচালনা করে। ‘অপস কুতিপ’ ও ‘অপস সেলেরাহ’ নামে দুটি বিশেষ অভিযানের সমন্বয়ে মালাক্কা রায়া এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে এবং কোটা লাকসামানা এলাকার একটি নির্মাণস্থলে বিদেশি শ্রমিকদের আবাসস্থলে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কয়েকজন বিদেশি শ্রমিক আক্রমণাত্মক আচরণ করেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ বাড়ি ও দোকান ভবনের ওপরের তলায় গিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। তবে আকাশপথে নজরদারি ও ড্রোনের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আটক করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা।
অভিযান শেষে মোট ৮৪ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩১ জন বিদেশি নাগরিককে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়। আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাচাপ উম্বু অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
মালাক্কা রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি কাজের অনুমতি ও শর্ত লঙ্ঘনকারী বিদেশি কর্মী এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ ও নিজস্ব স্থাপনায় আশ্রয় দেওয়া নিয়োগকর্তা ও সম্পত্তির মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আটক ৩১ জনের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এবং জাতীয়তা ভিত্তিক কোনো সংখ্যা যোগ করা হয়নি।
