ছবি: সংগৃহীত
দুই বছরের কারাদণ্ড ও আট হাজার টাকা অর্থদণ্ডের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আব্দুল কাইয়ুম (২৯)। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৩৬৪/২২ (সদর) মামলায় আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও আট হাজার টাকা অর্থদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
ছাতক থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনজুর রহমান ও সহকর্মীদের নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গত শুক্রবার দুপুরে গ্রেপ্তার আব্দুল কাইয়ুমকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
