ছবি: সংগৃহীত
অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দক্ষ কর্মীরা। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটিতে ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে কোনো অভিবাসন ব্যয় লাগবে না। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ হবে তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। পাশাপাশি ওভারটাইম করার সুযোগ থাকবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধাও দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
প্রাথমিকভাবে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো অর্থ দিতে হবে না। তাই চাকরি পাওয়ার আশ্বাস দিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
