সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। অভিযানে ৭৭ পিস ইয়াবা ও ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪১টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
