https://www.emjanews.com/

20419

national

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৬ ১২:১৭

আপডেট

০৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

জাতীয়

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১২:১৭

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এ আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চিঠিটি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।

চিঠিতে শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা বিবেচনায় আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তার সহযোগীরা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপরই দেশে ফেরার তারিখ ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।