https://www.emjanews.com/

20422

national

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৬ ১২:৪৮

জাতীয়

পুলিশ লাইনসের সামনে বাসে আ/গু/ন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১২:৪৮

বরগুনা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেছে।

জানা গেছে, বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের যাত্রা শেষে নিরাপত্তার জন্য বাসটি পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা হতো। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এর আগে ২০১৫ সালের ১৪ মার্চ বরগুনা শহরের পশ্চিম বরগুনা এলাকায় বিআরটিসির আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোনিয়া সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা ওই বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়। এ ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল বলে সে সময়ের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই ঘটনার পর বাসের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ লাইনসের সামনে বাসটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। তবে এবার নিরাপত্তার জন্য নির্ধারিত সেই স্থানেই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।