এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ শুরু ১৭ নভেম্বর, অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ২০:০১
ছবি: ইমজা নিউজ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে আগামী ১৭ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ক্ষণচিত্র’। কলেজের ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ১৭ ও ১৮ নভেম্বর ‘ইন্ট্রা এমসি কলেজ ফটো এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন ২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনী চলবে। এতে শুধু এমসি কলেজের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পেশাদার ক্যামেরার পাশাপাশি মুঠোফোনে তোলা ছবিও জমা দেওয়া যাবে।
এবারের প্রতিযোগিতার মূল বিষয় ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’। অর্থাৎ প্রতিটি ছবির মাধ্যমে একটি গল্প বা বিশেষ মুহূর্ত তুলে ধরতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। ছবি জমা দেওয়ার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ছবি জমা দেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিযোগিতায় নির্বাচিত ছবিগুলো প্রদর্শনীতে স্থান পাবে। ১৮ নভেম্বর বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য পুরস্কার রয়েছে। এ ছাড়া নির্বাচিত আলোকচিত্রীরা প্রদর্শনীতে নিজেদের ছবি প্রদর্শনের সুযোগ ও সনদপত্র পাবেন। প্রদর্শনী শেষে প্রিন্ট করা ছবি নিজ নিজ আলোকচিত্রীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন।
আয়োজকদের নিয়ম অনুযায়ী, ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের তোলা হতে হবে। রঙিন ও সাদাকালো—দুই ধরনের ছবিই জমা দেওয়া যাবে। তবে আগে কোনো প্রদর্শনীতে স্থান পাওয়া কিংবা অন্য প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছবি গ্রহণ করা হবে না। ছবিতে সাধারণ সম্পাদনা করা গেলেও উপাদান যোগ-বিয়োগ, অতিরিক্ত সম্পাদনা, সেলফি বা সেলফ-পোর্ট্রেট গ্রহণযোগ্য হবে না।
ছবি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। ছবির দীর্ঘতম বাহু কমপক্ষে তিন হাজার পিক্সেল এবং রেজল্যুশন ৩০০ ডিপিআই হতে হবে। প্রতিটি ছবির সঙ্গে দুই থেকে তিন লাইনের গল্প বা ক্যাপশন দিতে হবে। ছবিতে কোনো ওয়াটারমার্ক, লোগো, বর্ডার বা লেখা রাখা যাবে না। প্রয়োজনে বিচারকেরা ছবির মূল র-ফাইল দেখতে চাইতে পারেন।
প্রদর্শনীর জন্য নির্বাচিত ছবির প্রিন্টিং খরচ আলোকচিত্রীকে বহন করতে হবে। এ জন্য বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে লেনদেনের আইডি আয়োজকদের জানাতে হবে।
আয়োজকেরা আরও জানান, ছবির কপিরাইট আলোকচিত্রীর কাছেই সংরক্ষিত থাকবে। তবে প্রচারের কাজে আলোকচিত্রীর নাম উল্লেখ করে ক্লাব ছবিগুলো ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ছবি জমা দেওয়ার লিংক: এখানে ক্লিক করে ছবি জমা দিন
