https://www.emjanews.com/

20605

national

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১৬:৩৪

জাতীয়

২১ জানুয়ারি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৬:৩৪

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ইসির ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে নির্বাচনের ধাপভিত্তিক সম্ভাব্য সংখ্যা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন পরিষদ রাখার কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইচ্ছাকৃতভাবেই এ ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে। এর ফলে নির্বাচনের উপযোগী হয়ে উঠলে অন্য ইউনিয়ন পরিষদগুলোও এ ধাপে অন্তর্ভুক্ত করা যাবে। আইনি জটিলতা ও অন্যান্য কারণে বর্তমানে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তালিকা প্রকাশের পর ভোটার ও সংশ্লিষ্ট অংশীজনেরা ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ ইউনিয়ন পরিষদের নাম এবং নির্বাচনের ধাপ জানতে পারবেন।